বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিযুবদল নেতা কিবরিয়া হত্যা: দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমিনুল হকের

যুবদল নেতা কিবরিয়া হত্যা: দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমিনুল হকের

favicon
অনলাইন সংস্করণ
যুবদল নেতা কিবরিয়া হত্যা: দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমিনুল হকের


যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।


মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে তিনি পল্লবীর কিবরিয়ার বাড়িতে গিয়ে নিহত নেতার পরিবারের কাছে সমবেদনা জানান। এ সময় মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাকি আসামিদেরও গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা বাহিনী—এ আশা করছি। এমন নির্মম ঘটনার দ্রুত বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি আর সৃষ্টি না হয়।


তিনি আরও বলেন, গত ১৭ বছর বিএনপির বহু নেতা-কর্মী নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। এখন যখন দেশ গণতন্ত্রের পথে ফিরতে চাচ্ছে, তখন একটি কুচক্রী মহল আবারও সন্ত্রাস সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। কিবরিয়াকে আর ফেরানো যাবে না, কিন্তু এমন হত্যাকাণ্ড আর যেন কোনো পরিবারকে না কাঁদায়—এটাই আমাদের দাবি।


উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় মিরপুর-১২ এর একটি দোকানে ঢুকে অন্তত তিনজন ব্যক্তি গুলি করে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করে। পালানোর সময় তারা এক রিকশাচালককে গুলিও করে। নিহত কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন।