কোটালীপাড়ায় থানায় ককটেল হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর মার্কেট চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে ঘাঘর বাজার চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, বিএনপি নেতা সাইদুর রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারাও বক্তব্য দেন।
বক্তারা বলেন, একটি মহল কোটালীপাড়ায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়ে ককটেল হামলা চালিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ঘটনার সঠিক তদন্ত দাবি জানান।
উল্লেখ্য, গত সোমবার রাতে কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।