২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়—তারেক রহমান ও জামায়াত আমিরের উচ্ছ্বসিত অভিনন্দন
২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলাদা পোস্টের মাধ্যমে উভয় নেতা জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানান।
তারেক রহমান তাঁর পোস্টে লেখেন, “২২ বছর পর ভারতের বিপক্ষে আজকের এই জয় আমাদের মনে করিয়ে দেয়—শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা অনেক কিছু অর্জন করতে পারি। খেলার শুরুতেই মোরসালিনের দারুণ গোল এবং পুরো দলের অদম্য মনোবল লাখো মানুষকে দেশের ক্রীড়া অগ্রগতির স্বপ্ন দেখিয়েছে।”
তিনি আরও বলেন, দেশের ফুটবলাররা যুবসমাজের অনুপ্রেরণা এবং ক্রীড়া সংস্কৃতির দূত। সামনের দিনগুলোতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, প্রতিভার বিকাশ ও স্বপ্ন পূরণের পথ আরও উন্মুক্ত হবে, এবং দেশের পতাকা আন্তর্জাতিক অঙ্গনে আরও উঁচুতে উঠবে।
অন্যদিকে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানও বাংলাদেশ দলের এই জয়কে “ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত” হিসেবে অভিহিত করে অভিনন্দন জানান।