ফতুল্লায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বড় ক্ষয়ক্ষতি—হতাহত নেই
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্লাস্টিক কারখানায় ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে পশ্চিম ধর্মঘট এলাকার ঢালিপাড়ায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। এতে বড় ধরনের সম্পদের ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।
স্থানীয়দের ফোন পেয়ে ফতুল্লা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল হালিম জানান, দমকল কর্মীদের দ্রুত তৎপরতার কারণে আগুন বেশিরভাগই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কারখানার কিছু স্থানে ধোঁয়া এখনো বের হচ্ছে।
তিনি বলেন, “এটি প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষতি হয়। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার কাজ এখনো চলছে।”
প্রাথমিকভাবে আগুনের কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে দমকল সূত্র জানায়।