ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৮ আসামির বিরুদ্ধে আজ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
জুলাই–আগস্ট অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ বুধবার (১৯ নভেম্বর) সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম আজ সাক্ষ্য দেবেন। তাঁর সাক্ষ্যের মধ্য দিয়েই মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ পর্যন্ত মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছেন।
এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো ও সাতজনকে হত্যার অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আজ ১৮তম দিনের সাক্ষ্যগ্রহণ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল সাক্ষ্য গ্রহণ করবেন।
প্রসিকিউশন জানায়, খুব শিগগিরই এই মামলার আসামি থেকে রাজসাক্ষীতে পরিণত হওয়া এসআই শেখ আবজালুল হক আদালতে সাক্ষ্য দেবেন। মামলার ১৬ আসামির মধ্যে ৮ জন বর্তমানে গ্রেফতার অবস্থায় আছেন। সকালেই তাদের আদালতে হাজির করা হয়।