জুলাই অভ্যুত্থান মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় জনগণের ইচ্ছার প্রতিফলন: রুমিন ফারহানা
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘জনগণের ইচ্ছার প্রতিফলন’ বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “কোনো বিচারের আগে যদি শর্ত থাকে, তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। নির্দিষ্ট সময় বা শর্ত বেঁধে দিয়ে বিচারকে আটকে ফেলার চেষ্টা কখনো ভালো পরিণতি বয়ে আনে না।”
তিনি যুক্ত করেন, রায়কে ঘিরে দেশ–বিদেশে নানা মতামত এসেছে। মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক গবেষকদের পর্যবেক্ষণও আলোচনায় রয়েছে। এ প্রসঙ্গে তিনি আরেক ধাপ এগিয়ে বলেন, “ডেভিড বার্গম্যান, যিনি হাসিনার শাসনামলে অত্যন্ত সোচ্চার ছিলেন, তিনিও বলেছেন—এই মামলায় প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল।”
এছাড়া রুমিন ফারহানা নির্বাচন ঘিরে বিভিন্ন শর্ত আরোপের বিষয়েও সমালোচনা করেন। তিনি বলেন—
“বিচারের দৃশ্যমানতা একমাত্র শর্ত নয়; এর পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচন, গণভোট আগে আয়োজন—এমন নানা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগই নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের কথাও বলা হয়েছে। এমন শর্তগুলো মানা না হলে জামায়াতসহ অন্যান্য দল নির্বাচনে অংশ নেবে কি না—সেটিও অনিশ্চিত।”
তার মতে, নির্বাচন বাধাগ্রস্ত হলে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগই।