ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ, ক্ষয়ক্ষতি হয়নি
ঢাকার ধামরাইয়ের সুয়াপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বুধবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজারে এ ঘটনা ঘটে। ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয় বাজারের একটি দোতলা ভবনের দোতলায়।
স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে দুজন দুর্বৃত্ত ব্যাংকটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। বোমাটি দেওয়ালে লেগে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপর পড়ে আগুন ধরে যায়। নৈশপ্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
নৈশপ্রহরী মো. সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ শুনে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। এরপর আশপাশের লোকজনকে ডাকতে থাকেন এবং সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এলাকায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, যার মধ্যে পাঁচটি ভাড়া বাসায়। এসব শাখার নিরাপত্তায় স্থানীয় চৌকিদার বসানো হয়েছে এবং পুলিশের তদারকিও রয়েছে। তিনি আরও জানান, মঙ্গলবার ভোরের এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।