‘তলে তলে অনেক কিছু হচ্ছে, বন্দর লিজ দেওয়ার চেষ্টা’:অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সেলিমের অভিযোগ
বাংলাদেশে অদৃশ্যভাবে নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও বর্তমান সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস “ধরা পড়ে গেছেন” এবং তাঁর প্রকৃত এজেন্ডা হলো চট্টগ্রাম বন্দরকে আমেরিকান ও পশ্চিমা কোম্পানির কাছে লিজ দিয়ে দেওয়া।
সম্প্রতি এক সমাবেশে বক্তৃতায় সেলিম দাবি করেন, রোহিঙ্গাদের সাহায্যের নামে মানবিক করিডর তৈরির চেষ্টা চলছে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করে “ষড়যন্ত্র” বাস্তবায়নের সুযোগ পাবে।
তিনি জনগণকে সতর্ক করে বলেন, দেশের বিরুদ্ধে যেসব প্রচেষ্টা চলছে তা প্রতিহত করতে হবে। বৈষম্য দূর করার উদ্দেশ্যে জুলাই গণ-অভ্যুত্থান ঘটলেও এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সেলিম আরও বলেন, ৫৪ বছর আগে ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে পাকিস্তানের শোষণ থেকে দেশ মুক্ত হয়েছিল। এখন যদি কেউ বাংলাদেশকে ভারত বা আমেরিকার প্রভাবের অধীনে নেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণ আবার জেগে উঠবে। দেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম দমনে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।