রাঙ্গামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহার, আন্দোলন চলবে
রাঙ্গামাটিতে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আন্দোলনকারীরা হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে তাদের ৮ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সতর্ক করেছেন তারা।
হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত আসে ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করার পর। আন্দোলনকারীরা দ্রুত ৮ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানিয়েছেন। অন্যথায় কঠোর কর্মসূচি চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সকালে হরতালের কারণে রাঙ্গামাটি অচল হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দূরপাল্লার সকল যানবাহন, শহরের স্থানীয় পরিবহনও অচল। ব্যবসা প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। স্কুল-কলেজের বেশিরভাগ পরীক্ষা স্থগিত হয়। নৌযোগাযোগও বন্ধ ছিল।
উল্লেখ্য, পরীক্ষার সময়ে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা পূর্বে ৬ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন।