শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ফরিদপুরে আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশু জায়ানের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবার বলছে হত্যাকাণ্ড

ফরিদপুরে আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশু জায়ানের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবার বলছে হত্যাকাণ্ড

favicon
অনলাইন সংস্করণ
ফরিদপুরে আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘণ্টা পর শিশু জায়ানের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবার বলছে হত্যাকাণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের মাত্র দুই ঘণ্টা পর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাত বছর বয়সী শিশু জায়ান মোল্যা’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে বাড়ির কিছুটা দূরে একটি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। জায়ান উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা এবং গ্রিসপ্রবাসী পলাশ মোল্যার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে জায়ান নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও এলাকাবাসী খুঁজতে থাকলে দুই ঘণ্টা পর বাড়ির নিকটবর্তী বাগানে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত দেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শোকাহত মা সিনথিয়া বেগম জানান, তার ছেলে তেঁতুল কুড়াতে গিয়েছিল, এরপর আর ফিরে আসেনি। তিনি অভিযোগ করে বলেন, ‘‘আমার ছেলেকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। তার পরনের প্যান্ট দিয়েই মুখ বেঁধে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই, হত্যাকারীর ফাঁসি চাই।’’

আলফাডাঙ্গা থানার ওসি শাহজালাল আলম বলেন, শিশুটির মৃত্যুকে সন্দেহজনক মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।