শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কালিয়াকৈরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ, বাদীর দাবি চারজন মিলে ফাঁদ পেতে টাকা আদায়

কালিয়াকৈরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ, বাদীর দাবি চারজন মিলে ফাঁদ পেতে টাকা আদায়

favicon
অনলাইন সংস্করণ
কালিয়াকৈরে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের অভিযোগ, বাদীর দাবি চারজন মিলে ফাঁদ পেতে টাকা আদায়

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিককে অপহরণ, মারধর ও টাকার বিনিময়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় অভিযোগ করেন, তার পরিচিত এক নারীসহ চারজন মিলে পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে নির্যাতন করেছে।


ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি নির্জন স্থানে।


অভিযোগ সূত্রে জানা যায়, পরিচিত নারী তাহরিমা জান্নাত সুরভী খবর দেওয়ার কথা বলে দুর্জয়ের সঙ্গে দেখা করার অনুরোধ করেন। এরপর বিমানবন্দর এলাকা থেকে তাকে মোটরসাইকেলে তুলে গাজীপুরের দিকে নিয়ে যান। ভোগড়া বাইপাস হয়ে সফিপুরে পৌঁছালে ওত পেতে থাকা কয়েকজন যুবক মোটরসাইকেল থামিয়ে দুর্জয়ের ফোন ও বাইক ছিনিয়ে নেয়।


অভিযোগে আরও বলা হয়, ওই চারজন দুর্জয়কে জোর করে একটি অটোরিকশায় তুলে গাজীপুরের আন্দারমানিক রোডের একটি বাসায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে লাঠি, লোহার রডসহ বিভিন্ন দিয়ে মারধর করা হয়। পরে ভয়-ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায় করা হয়। পরিচিতদের ফোন করে ৫০ হাজার টাকা আনা হয়, যার মধ্যে ৪৫ হাজার ২০০ টাকা বিভিন্ন নম্বরে পাঠানো হয়। তার সঙ্গে থাকা ৪ হাজার ৫৭০ টাকাও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।


নির্যাতনের সময় দুর্জয়ের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে জোর করে তাকে দিয়ে ইয়াবা বিক্রির ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ আছে। প্রায় ২৪ ঘণ্টা আটকে রাখার পর বুধবার (১৯ নভেম্বর) দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। দুর্জয় জানান, ঘটনাটি প্রকাশ করলে তাকে খুন করা হবে এবং ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়েছে।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, “লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি মৌচাক পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।”