শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলছে জামায়াতে ইসলামী

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলছে জামায়াতে ইসলামী

favicon
অনলাইন সংস্করণ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলছে জামায়াতে ইসলামী

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায়কে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ মন্তব্য করেন।


তিনি বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনরাবর্তনের অপেক্ষায় ছিল। এ রায় গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। তার মতে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমে অতীতে স্বৈরাচারী শাসনের সুযোগ তৈরি হয়েছিল।


এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মূল ধারণা প্রথম সামনে এনেছিলেন জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযম। তার প্রস্তাব আজ বাস্তবায়িত হওয়ায় গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরবে বলে তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিগত নির্বাচনের অভিজ্ঞতা ইতিহাসে কলঙ্কিত অধ্যায় হিসেবে রয়ে গেছে। এ রায়ের ফলে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করেন, অতীতের মতো সাজানো নির্বাচনের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী তা প্রতিহত করবে।


সূত্র: বাংলাদেশ প্রতিদিন