পিআর নিয়ে সুর নরম করে নির্বাচনের পথে দল: মির্জা ফখরুল
পিআর নিয়ে সোচ্চার থাকা একটি রাজনৈতিক দল এখন সুর নরম করে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্মকে রাজনৈতিক ফায়দা অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইসলামের শিক্ষা নয়। “জান্নাতের টিকেট” দেওয়ার মতো বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা ধর্মসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা জানান।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। শেখ হাসিনা সরকার মানুষের মৌলিক অধিকারসহ ধর্মীয় অধিকারও সীমিত করে দিয়েছে বলেও তিনি দাবি করেন। একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, অতীতে কিছু আলেম তাকে ‘কওমি জননী’ উপাধিও দিয়েছিলেন।
তিনি বলেন, বিগত সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। বিএনপি কখনো গোপন রাজনীতি করেনি উল্লেখ করে তিনি জানান, বিভিন্ন দৃশ্যমান আন্দোলনে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর অনুপস্থিতি ছিল স্পষ্ট। বিশ্ববিদ্যালয়গুলোতেও তারা ছাত্রলীগের আড়ালে সক্রিয় ছিল বলে অভিযোগ করেন তিনি।
দেশে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথা জানিয়েছেন। বিভিন্ন সংস্কার কার্যক্রমে বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণ রয়েছে। পিআর এবং গণভোটের জটিল রূপ সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন বলেও তিনি মন্তব্য করেন। একটি ব্যালটে চারটি প্রশ্ন নিয়ে গণভোট হলে মানুষ শেষ মুহূর্ত পর্যন্তও বিষয়টি বুঝে উঠতে পারবে না বলেও তিনি মনে করেন।