মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা
মোংলায় আগুনে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা পৌঁছে দেন মোংলা পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র এবং মোংলা–রামপাল–ফকিরহাট আসনের মনোনয়নপ্রত্যাশী মো. জুলফিকার আলী। শনিবার (২২ নভেম্বর) সকালে তিনি ক্ষতিগ্রস্ত রফিক শেখের পরিবারের হাতে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী, পোশাক, চাদর ও কম্বল হস্তান্তর করেন।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার।
গত শুক্রবার (২১ নভেম্বর) রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মোংলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়া গ্রামে দিনমজুর রফিক শেখের ঘরে আগুন লাগে। মুহূর্তেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। চার শিশু সন্তানসহ পরিবারটি এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। বিএনপি নেতা জুলফিকার আলী সহায়তা নিয়ে হাজির হলে তারা আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা জানান।
এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাতে চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা এলাকার তৈয়বুর রহমানের বাড়িতে অগ্নিকাণ্ডের পরও তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা নিয়ে সেখানে ছুটে যান জুলফিকার আলী।