নির্বাচনের দিনে গণভোটে ‘জেনোসাইডের’ আশঙ্কা: চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করা উচিত নয়। তার মতে, একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে সহিংসতা বা বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন। সফরের অংশ হিসেবে তিনি হেলিকপ্টারযোগে প্যারেড মাঠে পৌঁছান।
তিনি বলেন, “নির্বাচনের দিন গণভোট চাই না। একই দিনে গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।”
ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “ইনশাআল্লাহ নির্বাচন হবে। লেভেল প্লেয়িং ফিল্ড এখন নেই, সেটি আমাদেরকেই তৈরি করতে হবে।”
তিনি আরও যোগ করেন, নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিতে পারে, তবে তারা কোনো ধরনের সংকট সৃষ্টি হতে দেবেন না।
স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে এ বিষয়ে কথা বলা বাস্তবসম্মত নয়।
জামায়াত কোনো নির্বাচনকেন্দ্রিক জোট গঠন করবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, তারা জোট করবেন না, তবে বিভিন্ন দল ও শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হবে।
চট্টগ্রামের সব আসনে জামায়াতের প্রার্থীর জয়ের বার্তা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “আমি জামায়াতের বিজয় চাই না, আমি জনগণের বিজয় চাই।”
এ ছাড়া জনমত ভিত্তিক প্রতিনিধি (PR) পদ্ধতির দাবিও তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে এই দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি তারা দিচ্ছেন।
চট্টগ্রাম সফরে ডা. শফিকুর রহমান আকবরশাহ থানার আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদরাসার বার্ষিক মাহফিল এবং জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দিন শেষে তার ঢাকায় ফেরার কথা ছিল।