ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীকে এনসিপি নেতাদের শুভেচ্ছা সাক্ষাৎ
বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নেতারা। রবিবার রাজধানীর একটি হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ড্রুকএয়ারের ফ্লাইটে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান।
একই দিন প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) সই হয়—একটি স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং অন্যটি ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগসেবা বাণিজ্য বিষয়ে।
প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সমঝোতা সইয়ের আগে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।