ফতুল্লায় উড়ালসড়ক নির্মাণকাজে তিতাসের পাইপলাইন ফেটে গ্যাস সরবরাহ বন্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি–মুক্তারপুর উড়ালসড়কের নির্মাণকাজ চলাকালে তিতাস গ্যাসের একটি বিতরণ পাইপলাইন ফেটে আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে বিসিক শাসনগাঁও এলাকায় পাইলিং কাজের সময় ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়।
তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মামুনুর রশীদ জানান, পাইপলাইনটি মাটির গভীরে থাকায় মাটি কেটে মেরামত করতে হবে। এ কারণে শনিবার থেকেই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। সকালে অল্প চাপে কিছু গ্যাস সরবরাহ করা হলেও পূর্ণ মেরামত এখনো শেষ হয়নি। তিনি বলেন, “মেরামতের প্রস্তুতি চলছে। দুপুরে কাজ শুরু হলে আবার সরবরাহ বন্ধ থাকবে। এখনই বলা যাচ্ছে না কখন কাজ শেষ হবে।”
উড়ালসড়ক প্রকল্পের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান জানান, পাইলিং কাজের সময় পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেরামত কার্যক্রম চলছে।
উল্লেখ্য, উড়ালসড়কের পাইলিং কাজ শুরুর পর থেকে ফতুল্লায় তিতাসের প্রধান পাইপলাইন অন্তত ২৫ বার ফেটে গেছে। এতে অগ্নিকাণ্ডের মতো ঝুঁকির পাশাপাশি বারবার গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ ও শিল্পকারখানা ভোগান্তিতে পড়েছে।