শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › ভূমিকম্প আতঙ্কে স্কুল বন্ধ নয়, প্রয়োজন সতর্কতা: প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়

ভূমিকম্প আতঙ্কে স্কুল বন্ধ নয়, প্রয়োজন সতর্কতা: প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়

favicon
অনলাইন সংস্করণ
ভূমিকম্প আতঙ্কে স্কুল বন্ধ নয়, প্রয়োজন সতর্কতা: প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিশুদের স্বপ্ন দেখতে শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মনে ‘আমিও পারি’—এমন সাহস জাগিয়ে তুলতে হবে। আনন্দদায়ক শিক্ষা পরিবেশই শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে মূল ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলো শিশুর ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে বিকশিত করা এবং তাদের সমাজের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা।


রবিবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে “শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, ভূমিকম্পের মতো অপ্রত্যাশিত পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখা যাবে না। যেকোনো সময়ে ভূমিকম্প হতে পারে, তাই আতঙ্ক নয়—সতর্কতা ও প্রস্তুতিই এখন জরুরি। এ বিষয়ে বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।


উপদেষ্টা জানান, দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য, যা বিদ্যালয় পরিচালনায় বড় সমস্যা তৈরি করছে। মামলাজটের কারণে এসব পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে, এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। দ্রুত নিষ্পত্তির জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। এছাড়া শিক্ষক সংকট দূর করতে বড় পরিসরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যা প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করবে।


সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমুল হক এবং মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর শামসুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।