গুম-খুন মামলায় শেখ হাসিনার ‘প্রোপার ডিফেন্স’ প্রয়োজন: আইনজীবী জেড আই পান্না
গুম-খুনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ আইনি সুরক্ষা বা ‘প্রোপার ডিফেন্স’ প্রয়োজন বলে উল্লেখ করেছেন মামলায় তার পক্ষে নতুন নিয়োগপ্রাপ্ত আইনজীবী জেড আই পান্না। রোববার (২৩ নভেম্বর) তাকে নিয়োগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
পান্না বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে যুদ্ধ করেছেন। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় তার মনে হয়েছে শেখ হাসিনার আরও শক্তিশালী ও সঠিক আইনি প্রতিরক্ষা প্রয়োজন।
দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম ও খুনের অভিযোগে করা দুটি মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার পক্ষে জেড আই পান্নাকে আনুষ্ঠানিকভাবে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।
একই সঙ্গে আদালত দুই মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখও নির্ধারণ করেছে। এক মামলার শুনানি আগামী ৩ ডিসেম্বর এবং অন্যটির ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।