তৌহিদী জনতার মব-সন্ত্রাসে সরকারের নীরব সমর্থন দেখছেন রুমিন ফারহানা
তৌহিদী জনতার নামে বিভিন্ন এলাকায় সংঘটিত মব-সন্ত্রাসের ঘটনায় সরকারের ‘প্রচ্ছন্ন সমর্থন’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, তৌহিদী জনতা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রুপ হলেও তাদের কর্মকাণ্ডের পেছনে সরকারের নীরব আশীর্বাদ লক্ষ্য করা যাচ্ছে।
তার বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে একের পর এক সংখ্যালঘু ও সাংস্কৃতিক গোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটলেও সরকার নিন্দা জানানো ছাড়া কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। কখনো বাউল, কখনো আহমদিয়া, কখনো নারী ফুটবলার বা সাংস্কৃতিক কর্মীরা হামলার শিকার হচ্ছেন। নাটক-মঞ্চায়ন বন্ধ করা, শো-রুম উদ্বোধনে অভিনেত্রীদের ওপর বাধা সৃষ্টি করা— এসব ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারীরাই।
রুমিন ফারহানা জানান, গত এক বছরে ৩৮০টির বেশি মাজারে হামলার ঘটনা ঘটেছে, যার কোনো তদন্ত বা বিচার হয়নি। এমনকি ক্ষমতাসীন দলের সাবেক নেতাদের পরিবারের বাড়িতেও হামলা হয়েছে, যেখানে বেশিরভাগ সময়ই নারীরা অসহায় অবস্থায় ছিলেন।
তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিকভাবে দুর্বল হওয়ায় নিজেদের সুবিধার জন্য একটি প্রেসার গ্রুপকে সামনে রেখে কাজ করাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও এসব গ্রুপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় না, ফলে মব-সন্ত্রাসের ঘটনা বাড়ছে। সরকারের কাজগুলোকে সহজ করে দিতে তারা এই গ্রুপকে লালন-পালন করছে বলেও তিনি দাবি করেন।