মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ চারজনের বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। একইসঙ্গে মামলার প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে প্রসিকিউশন এ বক্তব্য উপস্থাপন করবে। সূচনা বক্তব্যে মামলার পটভূমি ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার কথা রয়েছে। চলতি বছরের ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২ হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়।
হানিফ ছাড়াও মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ আরও একটি মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ হবে। রামপুরায় কার্নিশে ঝুলন্ত অবস্থায় আমির হোসেনকে গুলি ও দুইজনকে হত্যার ঘটনায় এ মামলার শুনানি চলবে।