ব্রাহ্মণবাড়িয়ার গ্রাম আদালতে ২০ মাসে ৩ হাজারের বেশি মামলা, নিষ্পত্তি ৭৭%
ত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্রাম আদালতে মোট ৩ হাজার ৭২টি মামলা দায়ের হয়েছে। এর বাইরে উচ্চ আদালত থেকে আসে আরও ৩২৫টি মামলা। এসব মামলার মধ্যে ৭৭.৩৮ শতাংশ ইতোমধ্যেই নিষ্পত্তি হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘গ্রাম আদালত বিষয়ে সমন্বিত সচেতনতা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা’–তে এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালাটি আয়োজন করে জেলা প্রশাসন।
প্রদত্ত তথ্য অনুযায়ী, গত ২০ মাসে গ্রাম আদালতে প্রতি মাসে গড়ে ১৫০টি মামলা হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর ৯০.৭৪ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এ সময়ে আদায় হয়েছে ১ কোটি ৫০ লাখ ৬৯ হাজার ৬৮১ টাকা ক্ষতিপূরণ।
গ্রাম আদালতে আবেদন করেন ৮৩২ জন নারী, আর বিচার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেন ১৫ শতাংশ নারী।
কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার। এতে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকরা অংশ নেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা ব্যবস্থাপক মো. মেরাজুল ইসলাম। তিনি জানান, গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, সচেতনতা বাড়ালে গ্রাম আদালত জনগণের কাছে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠবে।