রাজউক প্লট দুর্নীতি মামলায় শেখ রেহানাসহ ১৭ আসামির রায় ১ ডিসেম্বর
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ তারিখ ঘোষণা করেন।
মামলার প্রধান আসামি শেখ রেহানা। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অন্যান্য আসামির মধ্যে রয়েছেন—
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ এবং তদন্তে যুক্ত হওয়া সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
আদালত সূত্র জানায়, শেখ হাসিনা ও শেখ রেহানা পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের সুযোগও দেওয়া হয়নি।
দুদকের করা মামলায় অভিযোগ রয়েছে—পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে অবৈধভাবে ১০ কাঠা সরকারি জমি নেয়া হয়েছে।