বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসে ১ কোটি চাকরি নিশ্চিতের ঘোষণা আমীর খসরুর
বিএনপি ক্ষমতায় গেলে মাত্র ১৮ মাসের মধ্যেই ১ কোটি নতুন চাকরির সুযোগ তৈরি করবে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
আমীর খসরু বলেন, দেশে কর্মসংস্থানের সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই সংকট দূর করতে বিএনপি বড় ধরনের চ্যালেঞ্জ নিয়েছে। চাকরি সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের বিনিয়োগ করা হবে। সারাদেশে স্কিল সেন্টার গড়ে তোলা হবে, সকলের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ নির্ভর করবে শিক্ষার্থীদের মেধার ওপর। মেধাভিত্তিক নেতৃত্বই দেশকে এগিয়ে নেবে। এ লক্ষ্যেই প্রাথমিক পর্যায় থেকেই কারিগরি শিক্ষা চালুর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানের শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।