বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান: ১২টি রেস্টুরেন্ট–সেলুন সিলগালা, ২২টি অফিস বন্ধের নির্দেশ
রাজধানীর বনানী এলাকায় অবৈধ স্থাপনা অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত জোন ৪/২ এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। অভিযানে মোট ১২টি রেস্টুরেন্ট, সেলুন ও স্পা সিলগালা করা হয়।
এ ছাড়া ৭টি ভবনের ২২টি অফিসকে এক মাসের মধ্যে বন্ধ করার শর্তে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়। একই সঙ্গে একটি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন বলেন, বনানীর আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাজউক কঠোর অবস্থানে রয়েছে। এলাকার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এসব উচ্ছেদ কার্যক্রম আরও জোরদার করা হবে।
সিলগালাকৃত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—তুর্কিস কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, ভাই ভাই রেস্তোরাঁ, শাকিল মোটরস, বিবিধারা রেস্টুরেন্টের চারটি শাখা, মেন্স ক্লাব, লন্ডন সেলুন ও জেন্টস পার্লার, আহেলি কাবাব অ্যান্ড চায়নিজ রেস্টুরেন্ট, পেশোয়ারি টেইলর শপ, পেশোয়ারি চায়ের দোকান, সালাম’স কিচেন, খিচুড়ি ওয়ালা এবং কফিক্স।
অভিযানে রাজউকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।