মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, আগুনের সংবাদ পাওয়ার পর প্রথমে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট সেখানে যোগ দেয়।
তবে এখনো আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, বস্তির বড় একটি অংশে আগুন ছড়িয়ে পড়েছে। প্রচণ্ড ধোঁয়া দূর থেকেও দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এর আগেও কড়াইল বস্তিতে একাধিকবার আগুন লাগে। গত ২২ ফেব্রুয়ারি রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৬১টি ঘর পুড়ে যায়। তার আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।