রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পথে যুক্তরাষ্ট্র: মস্কোতে বিশেষ দূত পাঠাচ্ছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়া এখন চুক্তির ব্যাপারে আগ্রহী। এ লক্ষ্যে মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে তিনি এক বিশেষ দূত পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে বুধবার বিষয়টি উঠে আসে।
এর দুই দিন আগে জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কূটনীতিকদের মধ্যে শান্তি পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেই বৈঠকের পর মঙ্গলবার থেকেই কূটনৈতিক তৎপরতা আরও বাড়ে।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যে খসড়া পরিকল্পনা তুলে ধরেছে, সেখানে কিয়েভের জন্য ভূখণ্ড ছাড়, সামরিক সক্ষমতায় সীমাবদ্ধতা এবং ন্যাটোতে যোগদানের লক্ষ্য ত্যাগ করার প্রস্তাব ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, এ পরিকল্পনা রাশিয়ার চাহিদার প্রতিফলন। যদিও কিয়েভ যুক্তরাষ্ট্রের শান্তি-ফ্রেমওয়ার্কের ‘মূল বিষয়গুলো’তে সমর্থন জানিয়েছে।
জেলেনস্কির অভিযোগ প্রকাশ্যে আসার পর ট্রাম্প নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র সহায়তা করলেও ইউক্রেন কোনো কৃতজ্ঞতা দেখাচ্ছে না। জেনেভায় যখন মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিরা ২৮ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যস্ত, তখনই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
হোয়াইট হাউসে ট্রাম্প স্বীকার করেন, ইউক্রেন যুদ্ধের সমাধান সহজ নয়। তবে তার দাবি, “আমরা চুক্তি বাস্তবায়নের খুব কাছাকাছি আছি।”