বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতি২৩৭ আসনের মনোনয়ন তালিকা ঘিরে বিএনপির তৃণমূলে উত্তাপ

২৩৭ আসনের মনোনয়ন তালিকা ঘিরে বিএনপির তৃণমূলে উত্তাপ

favicon
অনলাইন সংস্করণ
২৩৭ আসনের মনোনয়ন তালিকা ঘিরে বিএনপির তৃণমূলে উত্তাপ

বিএনপির ঘোষিত ২৩৭টি আসনের প্রাথমিক মনোনয়ন প্রকাশের পর থেকেই তৃণমূলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশের বিভিন্ন এলাকায় মনোনয়নপ্রাপ্তদের বিরুদ্ধে এবং বঞ্চিত নেতাদের সমর্থনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রায় এক মাস কেটে গেলেও পরিস্থিতি শান্ত হয়নি; বরং প্রতিদিন নতুন এলাকা যোগ হচ্ছে বিক্ষোভের তালিকায়।


তৃণমূলের অভিযোগ, ঘোষিত অনেক প্রার্থী ‘হাইব্রিড’, ‘বহিরাগত’ বা এক-এগারোতে সংস্কারপন্থী ছিলেন। এর পরিবর্তে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা উচিত ছিল বলে দাবি তাদের। কয়েকটি জায়গায় প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মসূচি পালন করতে গিয়ে মনোনয়নপ্রাপ্তদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।


এ পর্যন্ত সাতক্ষীরা-২ ও ৩, চাঁদপুর-২ ও ৪, জয়পুরহাট-১ ও ২, মৌলভীবাজার-২, মেহেরপুর-১, কুষ্টিয়া-২ ও ৪, চাঁপাইনবাবগঞ্জ-১ ও ২, নোয়াখালী-৫ ও ৬, চট্টগ্রাম-২, ৪, ১২, ১৩ ও ১৬সহ ৬০টিরও বেশি আসনে বিক্ষোভ চলছে।


তৃণমূলে এই অস্থিরতায় কিছুটা বিব্রত হলেও এটিকে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন দলের শীর্ষ নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা মনোনয়ন আশা করেছিলেন কিন্তু পাননি, তাদের সমর্থকরাই অধিকাংশ ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সময় গেলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


এদিকে, কেন্দ্র জানাচ্ছে—মনোনয়ন পরিবর্তনের দাবিগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কয়েকটি আসনে পরিবর্তনের ইঙ্গিতও রয়েছে। মনোনয়নবঞ্চিতদের অন্যভাবে মূল্যায়নের আশ্বাসও দেওয়া হয়েছে।


স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রার্থিতা চূড়ান্ত হয়নি, পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তবে অনেক আসনে পরিবর্তনের সম্ভাবনা কম।


তবে দলীয় সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলে বিদ্রোহী ও বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নেবে বিএনপি।