শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › মানিকগঞ্জে জমি বিরোধের জেরে নারীসহ পাঁচজন আহত

মানিকগঞ্জে জমি বিরোধের জেরে নারীসহ পাঁচজন আহত

favicon
মোঃ রাজীব আহসান মান্নু,মানিকগঞ্জ
মানিকগঞ্জে জমি বিরোধের জেরে নারীসহ পাঁচজন আহত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নারায়ণ তেওতা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে দাদরখী চক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা উদ্বেগজনক।


ভুক্তভোগী আব্দুল আজিজ খান জানান, ষাইটঘর মৌজার দাদরখী চকে আরএস ২৪৪ দাগের ৫৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তারা ওয়ারিশ সূত্রে ভোগ দখল করে আসছেন। দুই বছর আগে স্থানীয় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এক নৈশপ্রহরীর মাধ্যমে সিরাজুল ইসলাম ওই জমির প্রায় ২২ শতাংশ জায়গা ক্রয় করেছেন বলে দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে জোরপূর্বক দখলের চেষ্টা ও হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।


মঙ্গলবার দুপুরে আজিজ খানের পরিবারের সদস্যরা জমিতে লাগানো নেপিয়ার ঘাসের পরিচর্যা করছিলেন। এ সময় সিরাজুল ইসলাম ও তার লোকজন সেখানে গিয়ে ঘাস তুলে ফেলে জমিতে চাষ দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আজিজ খানের পরিবারের পাঁচ জন আহত হন। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজ খানদের পরিবার বহুদিন ধরে জমিটি ব্যবহার করে আসছিল। তবে জমির দখল নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।


শিবালয় থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ জানান, ঘটনাটি তদন্তের জন্য লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।