জুলাই গণ-অভ্যুত্থান মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৬ নভেম্বর) রায় প্রকাশের পর আগামী ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে তাদের।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় রাজসাক্ষী সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল—
১) উসকানিমূলক বক্তব্য,২) অস্ত্র ব্যবহারের নির্দেশ,৩) রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনা,৪) চানখাঁরপুলে হত্যা,৫) আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানোর অভিযোগ।
এর মধ্যে শেষ তিন অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং প্রথম দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।