শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি জনস্রোতে পরিণত

কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি জনস্রোতে পরিণত

favicon
অনলাইন সংস্করণ
কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি জনস্রোতে পরিণত


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং কুমিল্লার উন্নয়নভিত্তিক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচি কুমিল্লায় জনস্রোতে রূপ নেয়। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে কান্দিরপাড়স্থ বিএনপি কার্যালয় থেকে চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিনের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে একটি বড় মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে চর্থা চৌমুহনীতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


কর্মসূচির উদ্দেশ্য ছিল নগরবাসী, নতুন ভোটার, শিক্ষার্থী, ব্যবসায়ী ও কর্মজীবীসহ সর্বস্তরের মানুষের কাছে রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লার উন্নয়ন নিয়ে হাজী ইয়াছিনের দীর্ঘমেয়াদি ভাবনা তুলে ধরা। নেতারা এটিকে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।


মিছিলে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন এস এ বারী সেলিম, শহীদুল্লাহ রতন, মাহাবুবর রহমান দুলাল, আতাউর রহমান ছুটি, মুজিবুর রহমান কামাল, শফিউল আলম রায়হান, রোমান হাসানসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।


নেতারা মিছিল চলাকালীন লিফলেটের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র মেরামতের ৩১ দফার গুরুত্ব, পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং বিএনপির জনমুখী রাজনীতির বার্তা তুলে ধরেন। বক্তারা বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী নগরী হলেও সেবা ব্যবস্থা, আধুনিক যোগাযোগ, কর্মসংস্থান, ব্যবসায়িক সুযোগ এবং শিক্ষা অবকাঠামো উন্নয়নে এখনো বিস্তর সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা বাস্তবায়নে দরকার সুশাসন, জবাবদিহিতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন পদ্ধতি।


সমাবেশে হাজী ইয়াছিন কুমিল্লার জন্য তার প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা হাতে লিফলেট নিয়ে মিছিলে যোগ দেন এবং পথচারীদের মাঝে তা বিতরণ করেন।