পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের রায় আজ; সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন
পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ পাওয়া তিনটি প্লটকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে। রায়ে দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
দুদকের অনুসন্ধানে উঠে আসে—ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা নিজের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্যের ভিত্তিতে ১০ কাঠা করে তিনটি প্লট বরাদ্দ নেন। পরে তার বিরুদ্ধে, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক।
রায়কে ঘিরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের মূল গেটে সকাল থেকেই বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সেনাবাহিনী মোতায়েনেরও তথ্য পাওয়া গেছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর সুলতান মাহমুদ জানান, সাক্ষ্য ও যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে সর্বোচ্চ সাজা আশা করছেন তারা।
আদালত সূত্র জানায়, ৩১ জুলাই শুরু হওয়া বিচার প্রক্রিয়ায় তিন মামলায় মোট ৯১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। শেখ হাসিনা ও তার পরিবারের বাইরে মামলায় জড়িত আরও ১৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর নাম রয়েছে। তাদের মধ্যে একমাত্র খুরশীদ আলম বর্তমানে কারাগারে আছেন।
দুদকের তদন্তে জানা যায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে শেখ হাসিনা, জয়, পুতুলসহ তার ছোট বোন শেখ রেহানা ও তার সন্তানদের নামে মোট ছয়টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এসব বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণ পাওয়া গেলে ২০২৪ সালের শুরুতে পরপর ছয়টি মামলা করে দুদক।
আজকের রায় ঘোষণার মাধ্যমে আলোচিত এই প্লট দুর্নীতি মামলার বিচারপ্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।