খালেদা জিয়ার সম্মানে তার তিন আসনে প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে তার নির্বাচনী তিন আসনে কোনো প্রার্থী দেবে না গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় ধাপের প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
তিনি বলেন, “খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩সহ তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেসব আসনে গণ অধিকার পরিষদ কোনো প্রার্থী দেবে না।”
এদিন দলটি আরও ১৫০ আসনে প্রার্থী ঘোষণা করে। এর ফলে মোট ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে গণ অধিকার পরিষদ। রাশেদ খান জানান, দলটি ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় এবং সব প্রার্থীকে এখন থেকেই জনসংযোগে নামার পরামর্শ দেন।
নির্বাচনী জোট নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে, তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। জোট গঠিত হলে আলোচনা অনুযায়ী প্রার্থিতা নির্ধারণ করা হবে।
একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে অবস্থান জানিয়ে রাশেদ খান বলেন, “এর আগে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি—এ দায়িত্ব বর্তমান অন্তর্বর্তী সরকারের।”