নারী উদ্যোক্তা তনিকে নিয়ে মানহানির অভিযোগে গ্রেপ্তার আকাশ নিবির কারাগারে
আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির মানহানি মামলায় গ্রেপ্তার হওয়া আকাশ নিবিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে গ্রেপ্তার আকাশকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. এমদাদুল হক তাকে কারাগারে আটক রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। শুনানিতে আসামিপক্ষে জামিন আবেদন করা হলেও বাদীপক্ষের বিরোধিতার পর আদালত তা নাকচ করেন।
বুধবার রাত ১০টা ৫০ মিনিটে হাতিরঝিল এলাকা থেকে আকাশ নিবিরকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে আকাশ নিবিরসহ কয়েকজন ব্যক্তি ইনফ্লুয়েন্সার তনিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশালীন, মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও পোস্ট ছড়িয়ে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানি করে আসছিলেন।
গত ২১ সেপ্টেম্বর তনি দেখতে পান, ‘মৌ সুলতানা’ নামে একটি ফেসবুক আইডি থেকে তার ও তার স্বামী মৃত সাদাত রহমানকে নিয়ে অশ্লীল ও বানোয়াট ভিডিও ছড়ানো হয়েছে। পরে আকাশ নিবির তার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য প্ল্যাটফর্মেও একই ধরনের মিথ্যা তথ্য প্রচার করেন।
এমনকি তনি ও তার স্বামীর নামে ভুয়া কাবিননামা তৈরি করে তা ‘সত্য’ দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়। তনির সন্তানের জন্ম নিয়েও মিথ্যা তথ্য ছড়িয়ে ভিডিও পোস্ট করার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গত ২১ নভেম্বর তনি বনানী থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা দায়ের করেন।