ভাঙ্গায় বাসচাপায় কলেজছাত্রীর মৃত্যু, সড়ক অবরোধে উত্তেজনা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তায় হাঁটার সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সাহিদা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী মারা গেছেন। তিনি এ বছর ভাঙ্গা মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। নিহত সাহিদা আলগী ইউনিয়নের সোয়াদি গ্রামের শাহাদাত শেখের মেয়ে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাহিদা রাস্তায় হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দেয়। ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাসের ধাক্কায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।