বগুড়ায় গ্রেফতার লিংকন চৌধুরী: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতার একাধিক মামলার আসামি
রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা, সন্ত্রাস দমন আইন এবং নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুর তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ায় মহাসড়কে পঞ্চগড়ের দেবীগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম।
ডিআইজি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা ও হত্যাচেষ্টার মামলার পাশাপাশি ৫ আগস্টের পর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলাগুলোরও আসামি তিনি। লিংকন চৌধুরী বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এছাড়া আন্দোলনের সময় সরবরাহকারী সিন্ডিকেটেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাকে রংপুরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে লিংকন চৌধুরীর গ্রেফতারের খবরে বদরগঞ্জের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।