বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজামায়াত ইস্যুতে আওয়ামী লীগের সমালোচনা ব্যারিস্টার খোকনের: “বিএনপিকে রাজাকার বলার সুযোগ তারা তৈরি করেছে”

জামায়াত ইস্যুতে আওয়ামী লীগের সমালোচনা ব্যারিস্টার খোকনের: “বিএনপিকে রাজাকার বলার সুযোগ তারা তৈরি করেছে”

favicon
অনলাইন সংস্করণ
জামায়াত ইস্যুতে আওয়ামী লীগের সমালোচনা ব্যারিস্টার খোকনের: “বিএনপিকে রাজাকার বলার সুযোগ তারা তৈরি করেছে”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার ঘোষকের দল—দেশ স্বাধীন করতে এ দলের অবদান অনস্বীকার্য। অথচ জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করায় এবং তাদের নেতাদের মন্ত্রী করায় আওয়ামী লীগ বিএনপিকে ‘রাজাকার’ বলে অপমান করত। তিনি অভিযোগ করেন, “জামায়াতের কারণেই বিএনপিকে এসব গালি শুনতে হয়েছে, আর আজ তারা উল্টো কথা বলছে।”


শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ি দেওটি ইউনিয়নের পালপাড়ায় চাটখিল-সোনাইমুড়ী আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।


ব্যারিস্টার মাহবুব বলেন, ১৯৭১ সালের ভূমিকার কারণে জামায়াত নেতারা ফাঁসির দণ্ড পেয়েছেন, আর বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় লাখো নেতাকর্মী হয়রানি, হামলা, হত্যা ও গুমের শিকার হয়েছেন।


তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষণা দিয়েছেন—চাটখিল-সোনাইমুড়ী এলাকায় কোনো চাঁদাবাজি বা দখলবাজি সহ্য করা হবে না। “আমাকে নির্বাচিত করলে আইনজীবী হিসেবে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব,” যোগ করেন তিনি।


জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি দাবি করেন, দেশি-বিদেশি মহল থেকে ষড়যন্ত্র করা হচ্ছে এবং পরাজিত শক্তি ও স্বাধীনতাবিরোধীরা পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। তিনি বলেন, “এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না।”


সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, সদস্যসচিব কুতুব উদ্দিন সানি, সোনাইমুড়ী পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিকসহ স্থানীয় নেতারা।