এক সপ্তাহে শ্রীমঙ্গলে ৫ অজগর উদ্ধার
মাত্র এক সপ্তাহের ব্যবধানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পাঁচটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময় এসব সাপ উদ্ধার করা হয়।
২৩ নভেম্বর নোয়াগাঁও গ্রামের একটি ধানক্ষেত থেকে প্রথম একটি অজগর উদ্ধার করা হয়। এর পরদিন ২৪ নভেম্বর দুপুরে প্রায় ২০ কেজি ও ১২ ফুট লম্বা আরেকটি অজগর ধরা পড়ে।
এরপর ২৭ নভেম্বর দুপুরে একই এলাকার ঝোপঝাড় পরিষ্কারের সময় শ্রমিকরা দেয়ালের ওপর বড় একটি অজগর দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। পরে ফাউন্ডেশন সদস্যরা এসে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
২৮ নভেম্বর সকালে নোয়াগাঁও ফকিরবাড়ির সংলগ্ন ধানক্ষেতে ধান কাটার সময় কৃষকরা আরও একটি অজগর দেখতে পান। আতঙ্ক সৃষ্টি হলে কাজ বন্ধ হয়ে যায়। পরে ফাউন্ডেশন ঘটনাস্থলে গিয়ে সাপটি নিয়ে যায়।
সবশেষ ২৯ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের নজরুল কমিউনিটি সেন্টারের বিপরীতে মৌসুমী ডেকোরেটর্স এলাকার পাশে আরেকটি অজগর সাপ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
স্বপন দেব সজল জানান, অজগরগুলো মূলত খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। তিনি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।