বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

favicon
অনলাইন সংস্করণ
জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে ৭০ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।


এলাকাবাসীর বরাত দিয়ে জানা যায়, বিকেলে শহিদুলসহ ৫-৬ জন বাংলাদেশি সীমান্তের ওই পিলার এলাকা দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে শহিদুল ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা অন্যরা দ্রুত দেশে ফিরে আসে। নিহতের মরদেহ বিএসএফ নিয়ে গেছে।


সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন ঘটনাটি নিশ্চিত করেছেন।


বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা কাঁটাতার পেরিয়ে মাদক আনতে ভারতের ভেতরে প্রবেশ করেছিলেন। মরদেহ ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে।