খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দিনব্যাপী দোয়া ও কোরআন খতম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দিনব্যাপী দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন।
রবিবার (৩০ নভেম্বর) মিশনপাড়া, গোদনাইল, বরফকল ও কিল্লারপুলসহ নারায়ণগঞ্জ শহরের একাধিক স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্যে আবু জাফর আহমেদ বাবুল বলেন,
“বাংলাদেশের কঠিন সময়গুলোতে যিনি আপসহীনভাবে দেশের হাল ধরেছিলেন, তিনি বেগম খালেদা জিয়া। বর্তমান সংকটকালেও তিনি জাতির নন্দিত ও প্রয়োজনীয় ব্যক্তি।”
তিনি আরও বলেন,
“জাতীয় অস্থিরতার এই মুহূর্তে খালেদা জিয়ার মতো নেতৃত্ব দেশের জন্য অত্যন্ত জরুরি। আমরা চাই না তাকে হারাতে। সকলের উচিত তার সুস্থতার জন্য দোয়া করা।”
এদিন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আক্তার হোসেন খোকন শাহ, সোহল, জুয়েল, কাজী মো. সেলিম, মো. শাহজাহান খোকন, বরকতউল্লাহ, মানিক মিয়া, ইকবাল আহমেদ শ্যামলসহ স্থানীয় নেতা-কর্মীরা।