খুলনায় আদালত ফটকে দুইজনকে হত্যা, ২০ ঘণ্টায়ও মামলা হয়নি
খুলনায় আদালতপ্রাঙ্গণে দুইজনকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার ঘটনায় ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ (১ ডিসেম্বর) সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। নিহতদের মরদেহের ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে খুলনা মহানগর দায়রা জজ ও জেলা দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে হাসিব হাওলাদার এবং মো. ফজলে রাব্বি রাজনকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তারা পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, অস্ত্র মামলায় হাজিরা দিতে তারা আদালতে এসেছিলেন। হাজিরা শেষে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় চার–পাঁচজন ব্যক্তি হেঁটে এসে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ ঘটনার কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে লবণচরা থানার জিন্নাহ পাড়ায় কাজী সম্রাট নামে আরেক ব্যক্তিকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্রমাগত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় নগরবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।