বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতি‘আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল’—টকশোতে মন্তব্য নুরুল হক নুরের

‘আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল’—টকশোতে মন্তব্য নুরুল হক নুরের

favicon
অনলাইন সংস্করণ
‘আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল’—টকশোতে মন্তব্য নুরুল হক নুরের

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীন রাজনৈতিক দল হলেও ঐতিহাসিকভাবে ভারতের লেজুরভিত্তিক দল হিসেবে পরিচিত। তার দাবি, গত ১৬ বছরে দলটি বাংলাদেশকে এমন অবস্থায় নিয়ে গেছে যেখানে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারতীয় প্রভাব বেড়েছে।


একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।


নুর বলেন, দেশে শক্তিশালী আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়নি। আইন সবার জন্য সমান হবে—এ বিশ্বাস জনগণের মধ্যে নেই। তিনি সাম্প্রতিক বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ছিনতাই, মোহাম্মদপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা এবং পুরান ঢাকায় খুনের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন।


তিনি আরও দাবি করেন, যে ‘ফ্যাসিবাদী শক্তি’ ক্ষমতা হারিয়েছে, তারা আবার দেশে ফিরে আসার পরিকল্পনা করছে।


২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রসঙ্গ টেনে নুর বলেন, জাহাঙ্গীর কবির নানক ও এনামুল হক শামীমসহ তৎকালীন সরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় তারা ‘লগি-বৈঠা আন্দোলন’ চলাকালে সীমান্ত পাড়ে যাওয়া-আসা ও সহিংস কর্মকাণ্ডে সহায়তার প্রসঙ্গ গল্পের ছলে উল্লেখ করেছিলেন।


তার মতে, বর্তমানেও সীমান্ত এলাকা দিয়ে অপরাধীরা নিরাপদে পার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং এটি দেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।