আড়াইহাজারে মাজারের ওরশে বাউল গান বন্ধের দাবি, মানববন্ধনে উত্তেজনা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মাজারের ওরশ উপলক্ষে বাউল গানের আয়োজন বন্ধের দাবি জানিয়েছে তৌহিদি জনতার ব্যানারে স্থানীয় একদল মানুষ। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা বাজারসংলগ্ন আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বক্তারা অভিযোগ করেন, কড়ইতলা এলাকার একটি মাজারে ওরশের নামে দীর্ঘদিন ধরে বাউল গান, জুয়ার আসর, মাদক সেবন ও মদ্যপানসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলে আসছে। এসব কার্যক্রমে স্থানীয় তরুণ সমাজ নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তারা দাবি করেন।
তারা বলেন, ওরশের নামে অনৈতিক কার্যকলাপ কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে এসব বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
মানববন্ধনে গোপালদী বাজার মসজিদের ইমাম মাওলানা আশেক এলাহী, শানে সাহাবা নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, শানে সাহাবা আড়াইহাজার উপজেলার প্রচার সম্পাদক মুফতি ওবায়দুল্লাহ কাসেমী, বিশনন্দী কড়ইতলা মসজিদের ইমাম রেজাউল করিমসহ স্থানীয় আলেম-ওলামা অংশ নেন।
মানববন্ধনের আগে আড়াইহাজার থানার ওসির কাছে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে একটি লিখিত অভিযোগও জমা দেন তারা।
স্থানীয়রা জানান, মানববন্ধন চলাকালে পক্ষে–বিপক্ষে উত্তেজনা দেখা দেয়। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাছির উদ্দিন বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং উত্তেজনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৫, ৬ ও ৭ ডিসেম্বর কড়ইতলা গ্রামের বিল্লাল ফকিরের বাড়িতে তিন দিনব্যাপী বাউল গানের আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার বিরোধিতা করে আসছে তৌহিদি জনতার একটি পক্ষ।