কালিহাতীতে মনোহারির দোকানে আগুন, দগ্ধ হয়ে মালিকের মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি মনোহারির দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের ছেলে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গফুর আলীর তেলের দোকান থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সময় গফুর দোকান থেকে বের হতে না পারায় তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, আগুন গফুরের দোকান থেকে আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে এবং তিনটি দোকানে মিলিয়ে প্রায় ৮–১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, গফুর আলীর খোলা পেট্রোলের দোকান থেকেই আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। গফুরের দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকা। অন্য দোকানগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।
কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।