খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়ার আহ্বান জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রগঠনে অসামান্য ভূমিকা রেখেছেন। দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও সাহসী নেতৃত্ব জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের ‘ফ্যাসিবাদী শাসনের’ বিরুদ্ধে তার অবস্থান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, ‘মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি রেখে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করায় খালেদা জিয়া জীবনঝুঁকিতে পড়েছেন। যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে তার শারীরিক অবস্থা অবনতি হচ্ছে।’
জামায়াতের নায়েবে আমির বলেন, জুলাই বিপ্লবের পর খালেদা জিয়ার মুক্তি দেশে গণতান্ত্রিক উত্তরণের পথকে সুদৃঢ় করেছে। এমন সংকটময় সময়ে জাতি আশা করে তিনি পথপ্রদর্শকের ভূমিকা পালন করবেন।
বিবৃতিতে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীকে মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান এবং তার পরিবার ও দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের অনুরোধ করেন।