বরিশালের বেলস পার্কে আজ আট দলের বিভাগীয় সমাবেশ
বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলের বিভাগীয় সমাবেশ। ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি এবং তার ভিত্তিতে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবির সমর্থনে এ সমাবেশের আয়োজন করেছে জোটটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
গতকাল সোমবার বরিশাল সদর রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমাবেশের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান জোটের নেতারা। তারা জানান, সমাবেশ শুরু হবে দুপুর ১২টায় এবং দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক জনসমাগমের আশা করছেন।
সোমবার সন্ধ্যায় বেলস পার্কের প্রস্তুতি পরিদর্শন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের অবস্থান, প্রবেশ–প্রস্থান পথসহ বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশনা দেন।
সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘সমাবেশে বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে প্রায় ১০ লাখ মানুষের অংশগ্রহণের আশা করছি। আমরা এক জুলুমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে extortion বা চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।’