শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › নাজিরপুরে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব তিন পরিবার

নাজিরপুরে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব তিন পরিবার

favicon
অনলাইন সংস্করণ
নাজিরপুরে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব তিন পরিবার

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাঠিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটে যাওয়া এই আগুনে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে জাকির হোসেন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন তার ঘর আগুনে দাউদাউ করে জ্বলছে। পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিতে পারলেও ঘরের ভেতরের কিছুই রক্ষা করা যায়নি। শিশুদের বই–পড়া টেবিল থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র, পোশাক, আসবাব—সবই পুড়ে গেছে।


এ ঘটনায় জাকির হোসেনের দুই চাচা—মোশারেফ শেখ ও সারোয়ার শেখের ঘরও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিন পরিবার মিলে প্রায় ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে তাদের কেউই ঘর থেকে কোনো মূল্যবান জিনিস বের করতে সক্ষম হয়নি। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। শীতের সময় আশ্রয়, পোশাক, খাদ্য—কিছুই নেই তাদের কাছে। শিশুদের কান্না আর বড়দের অনিশ্চয়তায় পরিবারগুলো কঠিন সময় পার করছেন। বিশেষ করে নারীরা ও বৃদ্ধরা চরম ভোগান্তিতে আছেন।


গ্রামবাসী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন জরুরি। অনেকেই ব্যক্তিগতভাবে খাবার, পোশাক ও অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে সহায়তা করার চেষ্টা করছেন, তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম।


জাকির হোসেন বলেন, “আমার সবকিছু আগুনে পুড়ে গেছে। পরিশ্রমের ফল, স্মৃতি—এক মুহূর্তেই শেষ হয়ে গেল। কিভাবে এই ক্ষতি সামলাবো, জানি না।”


নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে দ্রুত সহায়তার ব্যবস্থা করা হবে।