তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী–শিশুসহ ৩০ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশ ইন করেছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে ঘটনাটি ঘটে। পুশ ইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক সীমানা ১৪০/৬ এস পিলারের প্রায় ১০০ গজ ভেতরে এসব বাংলাদেশিকে ফিরিয়ে দেয় বিএসএফ। তারা দালালদের সহায়তায় বিভিন্ন সীমান্তপথ দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। পরবর্তীতে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতার কারাগারে ছিলেন তারা।
দেশে ফেরত পাঠানো ৩০ জনের মধ্যে রয়েছেন ১৬ জন পুরুষ, ১০ নারী ও ৪ শিশু।
গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।