সোমবার , ২৪ আগস্ট ২০২৬
সোমবার , ২৪ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতঅন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে বিতর্কের সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে বিতর্কের সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

favicon
অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে বিতর্কের সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

অন্তর্বর্তী সরকারের শপথ, গঠন এবং আগামী সংসদকে কেন্দ্র করে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আপিল বিভাগ ইতোমধ্যেই অন্তর্বর্তী সরকারের শপথকে বৈধ ঘোষণা করেছে। ফলে এ বিষয়ে নতুন করে বিতর্কের অবকাশ নেই।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত আদেশ দেওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।


সকালে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে, যেখানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত।


এর আগের দিন শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের জন্য দিন ঠিক করেছিলেন আদালত।


এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।