ডা. জুবাইদা রহমান আজ ঢাকায়, বিমানবন্দরে পৌঁছেছে গাড়িবহর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে আজ শুক্রবার সকালে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। তাকে গ্রহণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগে থেকেই গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, নির্ধারিত সময়ের তুলনায় ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্ব হওয়ায় ডা. জুবাইদা রহমান সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছাবেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, দেশে পৌঁছে দুই ঘণ্টা বিশ্রাম নিয়ে তিনি শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুল্যান্সে লন্ডন রওনা হবেন। তবে খালেদা জিয়াকে বহন করার জন্য নির্ধারিত কাতারি এয়ার অ্যাম্বুল্যান্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এর আগমন বিলম্বিত হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার বিকেল থেকেই খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা শাহজালাল বিমানবন্দরে অবস্থান করছেন। এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় পৌঁছালে তারা ইনস্পেকশন করবেন। সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়ার পর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে মেডিক্যাল হেলিকপ্টারে করে বিমানবন্দরে আনা হবে।